ভেনেজুয়েলায় একটি কারাগারে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ জন কয়েদি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলিরা।
দক্ষিণাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের রাজধানী পুয়ের্তো আয়াকুচোর একটি কারাগারে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিযান চালানো হলে এ ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছেন রাজ্যটির গভর্নর লিবোরিও গুয়ারুলা।
মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান চলার সময় বেশ কয়েক ঘন্টা ধরে গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক টুইটে গভর্নর গুয়ারুলা জানান, সেখানে ব্যাপক হত্যাকাণ্ড ঘটেছে, অভিযানে ৩৭ জন কয়েদি নিহত হয়েছেন। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, মর্গে লাশ উপচে পড়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে কারাগারটিতে অভিযান শুরু করা হয় । এ সময় সহিংসতায় ১৪ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলিরা।
পুয়ের্তো আয়াকুচোর সিটি কর্পোরেশনের সদস্য হোসে মেজিয়াস বলেছেন, “সরকার কারাগারটিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছিল, কিন্তু কয়েদিরা এতে বাধা দেয়।”
কারা-পর্যবেক্ষক গোষ্ঠী অ্যা উইন্ডো টু ফ্রিডম ও ভেনেজুয়েলা প্রিজন অবজারভেটরি জানিয়েছে, নিহতদের সবাই কারাবন্দি।
দাঙ্গার সময় কারাগারটিতে মোট ১০৫ জন বন্দি ছিল বলে জানা গেছে। ভেনেজুয়েলার অনেক কারাগারেই প্রয়োজনের তুলনায় কর্মচারীর সংখ্যা কম এবং কয়েদিদের তৈরি করা অপরাধী গোষ্ঠীগুলোই কার্যত সেগুলো পরিচালনা করে।
এএইচ





