ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের এক কর্মকর্তা। সংস্থাটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স প্রধান জেফরি ফেল্টম্যান চার দিনের সফরে মঙ্গলবার পিয়ংইয়ং যাবেন।

এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের কর্মকর্তাকে 'নীতিনির্ধারণী' আলোচনার জন্য অনানুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানায় দেশটি।

গত সপ্তাহে এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, তাদের নতুন এই ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

এমন প্রেক্ষাপটে দু'দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে বিরল এই সফরে যাচ্ছেন জাতিসংঘ কর্মকর্তা। সাবেক মার্কিন কূটনীতিক ফেল্টম্যান শুক্রবার পর্যন্ত পিয়ংইয়ং থাকবেন।

এর আগে উত্তর কোরিয়ার হুমকির মুখে এ যাবতকালের সবচেয়ে বড় যৌথ বিমান মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পাঁচদিনব্যপী ওই মহড়াকে উত্তর কোরিয়া উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে।

জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, সফরে ফেল্টম্যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে, দেশটির নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাত হবে না।

সিউলে বিবিসি সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, অর্থবহ কোনো কূটনৈতিক পথ অবশিষ্ট না থাকায়, এখন সংকট নিরসনে আলোচনায় বসার যে কোনো সুযোগ কাজে লাগাতে চায় জাতিসংঘ।

এর আগে সর্বশেষ ২০১১ সালের অক্টোবরে জাতিসংঘের কর্মকর্তা ভ্যালেরি অ্যামোস উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। সূত্র: বিবিসি।

এমএ