ইয়েমেন থেকে আজ মঙ্গলবার সন্ধায় দেশে পৌঁছাবেন আরও ১৩৬ বাংলাদেশি। সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসবেন।

সম্প্রতি গৃহযুদ্ধকবলিত ইয়েমেন থেকে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী দেশ জিবুতিতে নেওয়া হয়।

গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেন থেকে উদ্ধারের পর জিবুতিতে নিয়ে যাওয়া ১৩৬ বাংলাদেশিকে আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে।

উল্লেখ্য, গত রবিবার ভোরে ইয়েমেন থেকে ৩৩৭ জন বাংলাদেশ বিমানের বিশেষ দুটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে। এর আগে আরো কয়েকজন ইয়েমেন থেকে ফেরে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি থাকার কথা বলা হলেও আছে আসলে সাত থেকে আট শ-র মতো। তাদের মধ্যে দেশে ফিরতে নিবন্ধন করেছে ৫০৮ জন।

তিনি জানান, দেশে ফিরে আসতে আগ্রহীরা ইয়েমেন থেকে প্রত্যাবাসনসংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাদের ফিরিয়ে আনা হবে। আজ যে ১৩৬ জন ফিরবে তাদের মধ্যে পাঁচটি শিশু ও পাঁচজন নারী রয়েছে।

ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমিত্রার সাহায্যে তাদের ইয়েমেনের হোদায়দা থেকে উদ্ধার করে ১৬ এপ্রিল জিবুতি নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তারা দেশে প্রত্যাবাসনের অপেক্ষায় আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জিবুতিতে ওই বাংলাদেশিদের থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় অন্যান্য সেবার ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত মাসে রাজধানী সানা দখল করে নেওয়ার পর প্রেসিডেন্ট আবেদ রাব্বো মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন।

তার সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনে হুথি অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে।

এমকে