ইউক্রেনে রুশপন্থীদের হামলায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বিমানবাহিনীর এক জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির উত্তপ্ত পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ওলেক্সান্দার তুরছিনভ। খবর রয়টার্স ও বিবিসি'র। প্রেসিডেন্ট পার্লামেন্টে বক্তৃতাকালে এ হামলার কথা জানান। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার তৈরী বিমান বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করে হেলিকপ্টারটিকে ধ্বংস করে। হেলিকপ্টারে করে সামরিক বাহিনীর সদস্যদের বহন করা হচ্ছিল। তারা দায়িত্ব পালন শেষে ফিরে যাচ্ছিলেন। প্রসঙ্গত, স্লোভিয়ানস্কে গত কয়েক সপ্তাহ ধরে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত চলে আসছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় স্লোভিয়ানস্ক ও এর পার্শ্ববর্তী এলাকা ক্রামাতুরস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল। চলতি মাসের শুরুর দিকে আরও দুটি হেলিকপ্টার ভূপাতিত করে বিদ্রোহীরা। সূত্র: রয়টার্স ও বিবিসি [b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]