তুরস্কে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিল্পনা নিয়েছে মার্কিন নেতৃত্বধীন ন্যাটো সামরিক জোট। সিরিয়ার আকাশসীমা থেকে তুরস্ক রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর আংকারা ও মস্কোর মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়ার প্রেক্ষাপটে ন্যাটো জোট এ পরিকল্পনা নিয়েছে। ওই ঘটনার পর থেকে দেশ দুটির মধ্যে বাগযুদ্ধও তীব্র হয়েছে।

১০ মাসের জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে আগামীকাল (শুক্রবার) তা অনুমোদন করা হবে। প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে- ইন্টারসেপ্টর বিমান, এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমযুক্ত বিমান এবং নৌ ইউনিট। নৌ ইউনিটে থাকবে- কমান্ড শিপ এবং যুদ্ধজাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো ফ্রিগেট।

তুরস্ককে এসব সামরিক সরঞ্জাম দেয়ার বিষয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ দাবি করেছেন, রাশিয়া ও তুরস্কের মধ্যকার বর্তমান উত্তেজনার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। তবে ন্যাটোর কয়েকটি সূত্র বলেছে, তুরস্ককে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করার মধ্যদিয়ে আংকারার প্রতি ন্যাটোর সমর্থন ও প্রতিশ্রুতির চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে।

এ বিষয়ে তুরস্কের একজন কর্মকর্তা বলেছেন, আংকারা ও তুরস্ক যৌথভাবে এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে যার মাধ্যমে তুরস্ক এবং ন্যাটোর আকাশসীমার সীমাবদ্ধতাগুলো দূর হবে। অবশ্য, তিনি এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেন নি।

এমএ