উত্তর কোরিয়ার ইতিমধ্যে ২০টি পারমাণবিক অস্ত্র বানিয়েছে বলে চীনের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা ধারণা করছেন। আগামী বছর মধ্যে এ সংখ্যা দ্বিগুণ করতে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম বলেও চীনের আশঙ্কা।

বৃহস্পতিবার এ খবরটি জানিয়েছে ওয়াল স্ট্রীট জার্নাল।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সম্ভারের বিষয়ে এই হিসাব চীনের আগের যেকোনো হিসেবের চেয়ে অনেক বেশী। খবরে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সংখ্যা গত ফেব্রুয়ারিতে মার্কিন অস্ত্র বিশেষজ্ঞদের জানিয়েছে চীন।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের এ সংখ্যা মার্কিন বিশেষজ্ঞদের সাম্প্রতিক ধারণাকেও ছাড়িয়ে গেছে। তাদের হিসাবে উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ১০ থেকে ১৬টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচি বিশ্লেষক সিগফ্রাইড হেকার বলেন, উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্রের বিরাট এই মজুদ দেশটিকে নিরস্ত্রীকরণে রাজি করাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চ্যালেঞ্জকেই কেবল বাড়িয়ে তুলবে।

এদিকে চীনের মিত্র উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির খবরে বেইজিংয়ের উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন গবেষকদের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, উত্তর কোরিয়া আগামী পাঁচ বছরে তাদের পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে। ২০২০ সাল নাগাদ তারা একশ'টি পারমানবিক অস্ত্র বানাতে পারে বলেও তাদের ধারণা।

জেআই