উত্তর-পূর্ব নাইজেরিয়ায় একটি বাস স্টেশনে বোমা বিস্ফোরণে ৫ সেনাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে আঞ্চলিক সরকার। খবর আলজাজিরার।

আদামাওয়া রাজ্যের মুবি শহরের বাইরে একটি গ্রামে বৃহস্পতিবার এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো দল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

মুবি বোকো হারামের নিয়ন্ত্রিত শহর হিসেবে পরিচিত। চলতি নভেম্বরে সংগঠনটি শহরটিকে ‘মদিনাতুল ইসলাম’ নামকরণ করে।

দুই লাখেরও বেশি বাসিন্দা বসবাসরত ওই শহরে সন্দেহভাজন বোকো হারামের সদস্যদের পরবর্তী হামলা ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, চলতি বছর বোকো হারামের সদস্যদের হামলায় দেশটিতে অন্তত ১ হাজার ৫০০ লোক নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৩ সালের মে থেকে আদামাওয়া, ইয়োবে ও বর্নো রাজ্যে জরুরী অবস্থা জারির আগ পর্যন্ত অন্তত ১৫ লাখ লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

এআর