প্রায় এক সপ্তাহ আগে ইউক্রেনে বন্দি ১০ রুশ বিমান ছত্রীসেনা সৈন্য বিনিময়ের মাধ্যমে দেশে ফিরেছে।
রোববার রুশ গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।

রোববার সকালে নেকোথেয়েভকা সীমান্তে ১০বিমান ছত্রীসৈন্যকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
অপর দিকে রাশিয়া ৬৩ ইউক্রেন সৈন্যদের ফেরত দেয়। এসব সৈন্যরা বুধবার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিল।

রুশ বিমান ছত্রীসেনা বাহিনীর ডেপুটি কমা-ার মেজর জেনারেল অ্যালেক্সি রাগোজিন বলেন, ‘আলোচনাটি সহজ ছিল না, এতে বিবেক-বুদ্ধির জয় লাভ করেছে, সব কিছু ভালোয় রূপ নিয়েছে।’
তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সব ছেলে রাশিয়ায় ফিরে এসেছে।’

ইউক্রেন সোমবার ১০ রুশ বিমান ছত্রী সেনার বন্দি ঘোষণা করে। মস্কো জানায় টহলরত থাকা অবস্থায় এরা ভুলক্রমে সীমান্তের অচিহ্নিত এলাকায় অতিক্রম করে।

রুশ এনটিভি টেলিভিশনের খবরে জানা গেছে, ইউক্রেনের সরকারি বাহিনী হামলা চালালে ওই একই ইউনিটের দুই ছত্রীসেনা নিহত ও অপর ১০ আহত হয়েছে।

রাশিয়া আগাগোড়াই ইউক্রেনে তাদের নিয়মিত সৈন্য মোতায়েন বা বিদ্রোহীদের সরঞ্জাম সরবরাহের কথা অস্বীকার করে আসছে। কিন্তু বৃহস্পতিবার ন্যাটো জানিয়েছে, মস্কোর ১০ হাজারের বেশি সৈন্য ইউক্রেনে রয়েছে এবং ২০ হাজার সেনা সীমান্তে পুঞ্জিভূত রয়েছে।

এনটিভির খবরে বলা হয়, ‘১০ রুশ ছত্রীসেনা তাদের শারীরিক ও মনোস্তাত্বিক চিকিৎসার জন্য মস্কোর কাছে হস্তান্তর করা হয়েছে।’ সূত্র: এএফপি

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই