এবার তুরস্কের গোয়েন্দা সংস্থাকে (এমআইটি) সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির কতৃর্পক্ষ। এই উদ্যোগের অংশ হিসেবে গোয়েন্দা সংস্থাকে বৈদেশিক ও অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য পৃথক দু’টি ইউনিটে বিভক্ত করার কথা ভাবছে।

সাবাহ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, অচিরেই জাতীয় গোয়েন্দা সংস্থাকে সংস্কার করা হবে।

এদিকে মঙ্গলবার ট্রেন্ড নিউজ এজেন্সি এক রিপোর্টে বলা হয়, গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থান সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহে ব্যর্থতার জন্য তুর্কি গোয়েন্দা সংস্থা প্রবল সমালোচনার মুখে পড়ে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থান সম্পর্কে আগাম তথ্য দিতে না পারায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) কড়া সমালোচনা করে চলেছেন।

উপ-প্রধানমন্ত্রী নুমান কুর্তুলমুস বলেন, সামরিক বাহিনীর মতো তুরস্কের গোয়েন্দা সংস্থাকে পুনর্গঠনের বিষয়টিও এজেন্ডাভুক্ত রয়েছে।

দৈনিক হুররিয়ত জানায়, এ উদ্যোগের মধ্যে রয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ আলাদা-আলাদা সংস্থা সম্পন্ন করবে।

ব্রিটেনেও দু’টি পৃথক সংস্থা দেশীয় ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে।

এফএফ