তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি র্যালিতে আত্মঘাতী বোমা হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬এ। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮৬ জন।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে আঙ্কারার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ট্রেন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালিতে অংশ নিতে মানুষ স্টেশনটির আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করলে তাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।
হামলাটি আত্মঘাতী ছিলো বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদলু।
তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়ে শনিবার আঙ্কারায় ওই শান্তি র্যালির ডাক দেয় তুর্কি ট্রেড ইউনিয়ন কনফাডেরশন অব পাবলিক সেক্টর ট্রেডস ইউনিয়ন (কেইএসকে) এবং অন্যান্য কয়েকটি সংগঠন। কর্মসূচিকে সমর্থন দেয় কুর্দি রাজনৈতিক দল এইচডিপিসহ তুরস্কের বেশ কয়েকটি সরকার বিরোধী বামপন্থি রাজনৈতিক দল।
উল্লেখ্য, তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় বিচ্ছিন্নতাবাদী পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত তুর্কি সামরিক বাহিনী। কয়েক দশক আগে শুরু হওয়া এ গৃহযুদ্ধে কমপক্ষে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক।
ইআর





