পাকিস্তানের দক্ষিণাঞ্চলে জাহাজ ভাঙ্গার সময় অব্যবহৃত তেলের ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। করাচির প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
আরো ৩০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়েছে। গ্যাস ওয়েল্ডিং করার সময়ে ঘটনাস্থলে কমপক্ষে আটটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হরিফাল সেখানে কোন ধরণের হামলার কথা নাকচ করে দিয়ে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মাদ হাশিম সেখানে এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ এ ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এএফপি।
এআই





