যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রেশার কুকার বোমা বিস্ফোরণের ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাজ্যের গণমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটানের চেলসিয়ায় রবিবারের ওই ভয়াবহ হামলায় ২৯ জন আহত হয়েছিল।
বিস্ফোরণ হওয়া ও পরে উদ্ধার হওয়া অবিস্ফোরিত অবস্থায় আরেকটি বোমাসহ দুটি বোমাই ছিল প্রেশার কুকার ভর্তি সার্পনেল।
বিবিসির খবরে বলা হয়, ২০১৩ সালে বোস্টন শহরে হামলায় একই ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল। দূর থেকে নিয়ন্ত্রণের জন্য মোবাইল ফোন ও বড়দিনের বাতি ব্যবহার করা হয়েছিল।
প্রথম বোমাটি বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ পরই দ্বিতীয় বোমাটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ পরবর্তীতে দ্বিতীয় বোমাটিকে নিষ্ক্রিয় করে। দেশটির কর্তৃপক্ষ বোমা হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে।
তবে কোনো বিদেশি শক্তি হামলাটি করে থাকতে পারে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু কুওমো বলেছেন, নিউইয়র্কের চেলসি এলাকায় শনিবার রাতে যে বিস্ফোরণ ঘটেছে তা একটি সন্ত্রাসী ঘটনা, কিন্তু এর সাথে আন্তর্জাতিক কোন গোষ্ঠীর সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।
শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন এ আক্রমণের পেছনের উদ্দেশ্য বের করার জন্য এক জটিল তদন্ত চলছে।
এফবিআই বলেছে, বোমাটির টুকরো ছাড়াও কিছু দূরে পাওয়া অবিস্ফোরিত আরেকটি বোমা পরীক্ষা করে দেখা হচ্ছে। নিউইয়র্ক শহরে অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
এমএনজে





