সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পুনঃনির্বাচনের প্রচারণা সমাবেশে বিদ্রোহীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইসট-এর পরিচালক রামি আব্দেল রহমান বলেছেন, ‘দেরায় এ হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনের দাঁড়িয়েছে।’ তিনি এএফপিকে বলেন, ‘নিহতদের মধ্যে ৪ শিশুসহ ১৯ বেসামরিক লোক, ১২ সরকারপন্থী মিলিশিয়া বাহিনী পপুলার ডিফেন্স কমিটির সদস্য ও ৬ সৈন্য রয়েছে।’ বৃহস্পতিবার রাতে দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে আসাদ সমর্থকরা সমাবেশের জন্য একটি তাঁবুর নিচে জড়ো হলে বিদ্রোহীদের গোলা সেখানে আঘাত করে। মানবাধিকার সংস্থাটি জানায়, এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। আসাদ আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে দেশে গৃহযুদ্ধ চলা সত্ত্বেও তিনি নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বারের মতো সাত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। সূত্র: এএফপি। [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]