ইয়েমেনের সশস্ত্র শিয়া গোষ্ঠী হুথি সৌদি আরবের ওপর গোলা হামলা করেছে। সৌদি সীমান্তে এ হামলায় এক সৌদি সৈনিক নিহত হয়েছেন। এ নিয়ে হুথির হামলায় নিহত সৌদির সংখ্যা ৫০ ছাড়াল।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য দিয়েছে। সেই সূত্রে এক প্রতিবেদনে শনিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, সৌদির নিজরান সীমান্তে গোলা হামলা করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

২০১৪ সালের সেপ্টম্বরে রাজধানী সানার দখল নেয় হুথি। চলতি বছরের শুরুর দিকে তারা সংসদ ভেঙে দিয়ে নতুন করে সরকার ঘোষণা করে।

হুথির আক্রমণের ভয়ে দেশ ছেড়ে পালান ইয়েমেনের নির্বাচিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি। তিনি সৌদি আরবে স্বেচ্ছা নির্বাসন গ্রহণ করেন।

হাদির সমর্থনে ইয়েমেনে ২৬ মার্চ থেকে হুথিবিরোধী বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। জাতিসংঘ বলেছে, চার মাসের এই যুদ্ধে প্রায় চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অর্ধেকই বেসামরিক নাগরিক।

এর জবাব দিতে সৌদি আরবের ওপর পাল্টা হামলা চালাচ্ছে হুথিবাহিনী। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা শুরুর পর থেকে কম করে ৫০ সৌদি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সেনা সদস্য।

কেএইচ