সচিবালয়ের ভেতরে ও সচিবালয় লাগোয়া বিদ্যুৎ ভবনে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যুৎ ভবনের উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলীকে আটক করেছে। এসময় বিদ্যুৎ ভবনের সিসি ক্যামেরা ও কম্পিউটার হার্ড ডিস্ক জব্দ করেছে পুলিশ।
বিদ্যুৎ ভবনের উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলীর কক্ষের কাঁচ ভাঙ্গায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার বলেন, সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় লক্ষ্য করে পটকা সদৃশ একটি বস্তু ছোঁড়া হলে সেটি একটি বড়ই গাছে লেগে বিস্ফোরিত হয়।
তোপখানা রোডের দিক থেকে এটি ছোঁড়া হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে এ ঘটনার পরপর বিদ্যুৎ ভবনের পাঁচতলায় আরো দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরিত বস্তু ককটেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ডিবির সহকারী কমিশনার শেখ মারুফ হাসান ঘটনাস্থলে এসেছেন।
এএইচ





