টাঙ্গাইলে আজ বৃহস্পতিবার পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (১৭) ও গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার শরাফত আলীর ছেলে মানিক মিয়া (১৬)। মানিক নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অপরদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালকসহ ৪ জন আহত হন।
আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা ১ জনের মৃত্যু হয়।
এদিকে বিকেল পৌনে ৩টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের নথখোলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে আহত হন আরো ২ জন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বিকেল ৫টার দিকে গোপালপুরের নবগ্রাম থেকে কয়েকজন কিশোর একটি পিকআপভ্যানে উচ্চ শব্দের যন্ত্র (সাউন্ড বক্স) নিয়ে মধুপুর যাচ্ছিলেন।
পথিমধ্যে পিকআপভ্যানটি ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় পৌঁছালে মধুপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক নিহত হন।
এ ঘটনায় আহত হন আরো ৪ জন। আহত ৪ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার আল আমিন (১৫), ছোটন (১৬), কামরুল হাসান (১৫) ও শাকিল আহম্মেদ।
ওএফ





