নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় আদর্শ এন্টারপ্রাইজ নামে একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কারখানার মালিক চেরাগ আলী দাবি করেছেন।
বুধবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাদুন এলাকায় চেরাগ আলীর মালিকানাধীন তুলা কারখানা আদর্শ এন্টারপ্রাইজে হঠাৎ আগুন লাগে।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা কারখানার প্রায় ৫০/৬০ ফুট উঁচুতে উঠে যায়। এ আগুন দেখে আতঙ্কে আশ-পাশের লোকজন ছুটাছুটি করতে শুরু করে। পুরো এলাকাজুড়ে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে কারখানায় থাকা প্রায় ৫৫ লাখ টাকার তুলা ও মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সময় মতো আগুন নিভাতে না পারলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিলো বলে জানান তিনি।
এসএইচ





