সিলেট রিকাবীবাজারে সড়কের উপর ছাত্রলীগ-যুবলীগের বসানো অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টা-১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান।

দুঃস্থ রোগী কল্যাণ সমিতির ব্যানারে ছাত্রলীগ-যুবলীগ এই অবৈধ পশুর হাট বসায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু করে মেডিকেল আবাসিক এলাকা পর্যন্ত ছাত্রলীগ-যুবলীগ অবৈধ পশুর হাট বসায়।

শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে মৌখিকভাবে নির্দেশ দেয়ার পরও তারা অবৈধ পশুর হাট না সরানোয় সিটি মেয়রের লিখিত নির্দেশ পেয়েই ম্যাজিস্ট্রেট নিয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ হাটটি উচ্ছেদ করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকাল ১০ টায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগর পুলিশকে লিখিতভাবে অবৈধ হাটের বিরুদ্ধে অ্যাকশন নিতে জানানো হয়। এরই প্রেক্ষিতে পুলিশ রিকাবীবাজারে অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে।

কেএইচ