চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। পাঁচজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও সাতজন সাধারণ কাউন্সিলরহ মোট ১২ জন প্রার্থী মেয়র প্যানেলে অন্তর্ভুক্ত হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চসিকর নির্বাচিত ৫৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে এই তিন সদস্যের এই প্যানেল মেয়র নির্বাচিত করবেন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ২০ ধারা অনুযায়ী দেশের প্রতিটি সিটি করপোরেশনে মেয়র প্যানেল গঠিত হবে।
ওই ধারায় বলা আছে, সিটি করপোরেশন গঠিত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা অগ্রাধিকারক্রমে তাদের নিজেদের মধ্য থেকে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচন করবেন।
তবে শর্ত থাকে যে, নির্বাচিত তিনজনের মেয়র প্যানেলের মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত আসনের কাউন্সিলর হতে হবে। নিয়ম অনুযায়ী নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়ররা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
গত ৬ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওইদিনই মেয়র আ জ ম নাছির উদ্দিন প্যানেল মেয়র নির্বাচনে আগ্রহী কাউন্সিলরদের নাম জানতে চান।
এই সময় ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের মো. গিয়াস উদ্দিন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩২ নম্বর আন্দরকিল্ল ওয়ার্ডের জহর লাল হাজারী, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল বালি ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ছালেহ আহমদ চৌধুরী এবং সংরক্ষিত ওয়ার্ডের জোবাইরা নার্গিস খান, মনোয়ারা বেগম মনি, আনজুমান আরা বেগম, ফারহানা জাবেদ ও আফরোজা কালাম প্যানেল মেয়র হতে আগ্রহ প্রকাশ করেন।
সভায় মেয়র ভোটের মাধ্যমে মেয়র প্যানেল নির্বাচন করা হবে বলে জানান এবং ২০ আগস্ট এই ভোটের তারিখ ঘোষণা করেন।
আগামীকাল ২০ আগস্ট অনুষ্ঠিতব্য প্যানেল মেয়র নির্বাচনে বিজয়ী হতে প্রার্থীরা নানা কৌশলে প্রচারণা চালানোর পাশাপাশি কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
এমকে





