কুয়াকাটায় সমুদ্রে ট্রলার ডুবির ১০ ঘণ্টা পর নিখোঁজ চার জেলে উদ্ধার হয়েছে।

বুধবার সকাল ৭টায় তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার জেলেরা হলেন- আবু ছালেহ (৩২), জোনায়েদ (১৮), এমাদুল (৩৫) ও বাদশা (৩০)। তাদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা খুঁটা জালে ইলিশ শিকারের জন্য সমুদ্রে যায়। মাছ শিকার শেষে অন্য জেলেরা তীরে ফিরে আসলেও ওই চার জেলের খোঁজ পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজনরা অন্য ট্রলার নিয়ে খোঁজ করার জন্য সমুদ্রে বেরিয়ে পড়েন। পরে বুধবার সকালে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, জেলে নিখোঁজের খবরটি নৌ-পুলিশকে জানানো হলে তারা স্থানীয় অন্য জেলেদের নিয়ে অনুসন্ধান চালায়।

কেএইচ