লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল) এ যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর ১৪০ সদস্যের প্রথম গ্রুপ ঢাকা ছেড়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে রোববার (১৪ জুন-২০১৫) সকালে জাতিসংঘের বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
নৌ সদস্যবৃন্দ লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূলে’ যোগদান করবেন।
এ উপলক্ষে চট্টগ্রাম ত্যাগের পূর্বে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাফুল্লাহ, (এইচ-১), পিএসসি, বিএন লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। এসময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২০ জুন ২০১৫ তারিখে দ্বিতীয় গ্রুপে আরও ১৪০ জন নৌ সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবে।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওসমান’ ও ‘মধুমতি’ ২০১০ সালে প্রথমবারের মত ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে।
পরবর্তীতে ২০১৪ সালে জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়।
মেরিটাইম টাস্কফোর্সের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ দুটি লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে।
পাশাপাশি লেবাননের জলসীমায় উক্ত জাহাজ দুটি মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফট এর ওপর গোয়েন্দা নজরদারী, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করছে।
এমকে





