খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনার কারণে চলমান অতিমারী করোনা পরিস্থিতিতে দেশে একজন মানুষও অনাহারে মারা যায়নি।

বরং সকল পর্যায়ের মানুষকে খাদ্যসহ সহযোগিতা দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন।

খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার ( ১২ আগস্ট ) বিকেলে সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) চলতি বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান সরাসরি পরিদর্শনকালে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন ভোক্তা ও কৃষকরে স্বার্থ রক্ষায় সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে সরকারের চালের মজুদ ১৭ লাখ টন। চলমান বোরো সংগ্রহ অভিযানে ইতোমধ্যে সাড়ে ৮ লাখ টন চাল সংগ্রহ হয়ছে উল্লেখ করে তিনি বলেন, চাল সংগ্রহের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর মধ্যেই শতভাগ চাল সংগ্রহ হয়ে যাবে। এ সময় খাদ্য গুদামে মানসম্মত চাল সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন চালের গুণগত মানের সাথে কোনো আপস করা যাবে না।

অনুষ্ঠানে আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফ উজ্জামান এবং শান্তাহার সিএসডি ম্যানেজার দুলাল হোসেন বক্তব্য রাখেন। তথ্যসূত্র : বাসস।

এইচএন