পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল হক বাবু (৪২) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে বাবুর ওপর এ হামলা চালানো হয়। তার বাড়ি পাবনা পৌর শহরের কাচারিপাড়া এলাকায়।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, রাতে বিএনপি নেতা আনিছুল হক বাবু শহরের আব্দুল হামিদ সড়কের মৌটুসী কনফেকশনারির সামনে দাঁড়িয়ে ছিলেন।

এমন সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেএ