করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৩ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৫ হাজার ৯৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।
শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ৯২৭টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ১৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২২ লাক ২৯ হাজার ৭৯৯টি।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে পুরুষ ৭৭ জন আর নারী ৬৮ জন। দেশে করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৩৯৬ জন এবং নারী মারা গেলেন আট হাজার ৬২৭ জন।
মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আছেন ৭ জন করে।
গতকাল (১৯ আগস্ট) দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ৬ হাজার ৫৬৬ জন ও মৃত্যু হয়েছিল ১৫৯ জনের।
এমবি





