চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ভিখু (৫০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটায় সংঘর্ষ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সদর মডেল থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় পুরনো আওয়ামী লীগ নেতা এবং ইসলামপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান টিপুর সঙ্গে জামায়াত-বিএনপি ছেড়ে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া নূরুজ্জামান ও জসিমের বিরোধ রয়েছে।

এই বিরোধের জেরে ওই এলাকায় এর আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে শুক্রবার সকাল থেকে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং জুমা নামাজের পর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নব্য আওয়ামী লীগারদের দাপটে ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়েছে।

এদিকে প্রতিপক্ষ নূরুজ্জামান ও জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এমকে