দলীয় কার্যালয়ে বৈঠকের সময় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ৩৯ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। তবে ডিবি বলছে ২৮ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শার্শার নাভারণের হাসান মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে ১৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু জানান, বৃহস্পতিবার নাভারণ বাজারে দলের কার্যালয়ে মিটিং করছিলেন দলটির নেতাকর্মীরা। হঠাৎ সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। কোনো কারণ ছাড়াই তাদের ধরে গাড়িতে তোলা হয়।
তবে যশোর ডিবি পুলিশের ওসি ইমাউল হক দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার জন্য নাভারণের হাসান মার্কেটের দ্বিতীয় তলায় বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক ও ১৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
এমই





