ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরীপুর বাজার থেকে বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন বকুলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, ১২ ডিসেম্বর রাতে বকুল অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কমিটি করতে গেলে আহমেদ তায়েবুর রহমান গ্রুপের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। হামলায় বকুলসহ পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রতন বাদী হয়ে তায়েবুর রহমান হিরনসহ ২৬ জনের নাম উল্লেখ করে গৌরীপুর থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন।
কেএইচ





