কিশোরগঞ্জে মাইক্রোবাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীর মাওলানা আল্লামা সদরুল আমিন আহম্মেদ রেজভী (৬৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ ব্যক্তি। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-ডাঃ মোস্তফা (৩২),আবুবাক্কার রেজবী জীবন (৪২), বোরহান উদ্দিন (৪০), রবিউল হক (২৩), বিল্লাল হোসেন (২০), কামাল উদ্দিন (৩৩) ও কামরুল হাসান (২৩)। তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সকলের বাড়ি নেত্রকোণা সদরে বলে জানা গেছে।

নিহত পীর মাওলানা আল্লামা সদরুল আমিন আহম্মেদ রেজভীর ছেলে আবুবাক্কার রেজবী জীবন জানান, নেত্রকোণা থেকে ৮ জন সফরসঙ্গী নিয়ে তার বাবা ধর্মীয় সভায় অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়ীয়া সদরে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ সদরের ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কাতিয়ারচর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়।

এ সময় মাইক্রোবাস উল্টে গিয়ে আল্লামা সদরুল আমিন আহম্মেদ রেজভীসহ ৮ জন আহত হয়। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল্লামা সদরুল আমিন আহম্মেদ রেজভীকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।

এমএনজে