গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামে জামায়াত নেতা মাওলানা আবুল হোসাইনের বাড়িতে গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ১৩ নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাঃ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের রায়কে সামনে রেখে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বাসিন্দা সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সুপার বামনডাঙ্গায় ৪ পুলিশ সদস্য হত্যাসহ ৫ মামলার পলাতক আসামি জামায়াত নেতা আবুল হোসাইন (৪৫), ঝিনিয়া পূর্বপাড়া গ্রামের নুরুল হক (৫৫), পৌর এলাকার রামডাকুয়া গ্রামের জামায়াত নেতা সুলতান আলী (৫১), মীরগঞ্জ বাজারের শিবির নেতা মশিউর রহমান (২৮), বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের জামায়াত নেতা আতাউর রহমান (৫২), তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মশিয়ার রহমান (৪৪), শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের আসাদুজ্জামান লেবু (৪০), কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার শান্তিরাম গ্রামের নুরুল আলম (৪৫), উত্তর কালিরখামার গ্রামের ইদ্রিস আলী (৪০), বেলকা ইউনিয়নের বেলকা বাজার এলাকার জাহাঙ্গীর আলম (৪৫), মধ্য বেলকা গ্রামের মোজাহার আলী (৫০), তারাপুর ইউনিয়নের মধ্য তারাপুর গ্রামের মমিনুল ইসলাম (৪৫) ও রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা গ্রামের মোর্শেদুল হক (৩০)।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, জামায়াত নেতা সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসাইনের বাড়িতে বৈঠক করে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বাড়িটি ঘেরাও করে ওই ১৩ জনকে সাংগঠনিক আলোচনারত অবস্থায় গ্রেফতার করা হয়।
এসএইচ





