বিয়ের দাবিতে অবশেষে অনশনরত প্রেমিকা দিপা’র বিয়ের সানাই বাজলো লালমনিরহাটের আদিতমারী থানায়।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় থানায় বসে ঠিক হলো প্রেমিক যুগল দিপা-রাশেদের বিয়ের দেনমোহর। এরপর পাশের একটি হোটেলে তাদের বিয়ে সম্পন্ন করে থানা প্রশাসন।

এলাকাবাসী জানান, আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ি বেলতলী গ্রামের আব্দুস সাত্তারের কলেজ পড়ুয়া মেয়ে সাহিদা আক্তার দিপা’র(২২) সঙ্গে আট বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছিল প্রতিবেশী আনোয়ারুল হক কবিরের ছেলে রাশেদুল ইসলাম রাশেদের(২৫)।

প্রেমিক যুগল বিয়েতে রাজি থাকলেও বাঁধ সাধে প্রেমিক রাশেদের পরিবার।

এর ফলে রোববার সন্ধ্যায় দিপা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবেশ করে অনশন শুরু করলে রাশেদের বাবা-মা তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন।

এ খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ দিপাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করায় এবং প্রেমিক রাশেদের বাবা আনোয়ারুল ইসলাম ও মা বিজলী বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।

সোমবার দিনভর থানায় আটক থাকার পর বিয়েতে সম্মতি জানায় প্রেমিক রাশেদের মা ও বাবা।

অবশেষে সোমবার রাতে আদিতমারী থানার ওসি কক্ষে প্রেমিক যুগলের বিয়ের দেনমোহর চার লাখ এক টাকা নির্ধারণ করে থানার পাশে থ্রি-স্টার হোটেল ও রেস্টুরেন্টে দিপা-রাশেদের বিয়ে সম্পন্ন করা হয়।

এ সময় ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী, আদিতমারী থানার এসআই জাফর ইকবাল, মিন্টু মিয়া, ভেলাবাড়ি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী এজাজুল ইসলাম, উভয় পরিবারের আত্মীয়-স্বজন, সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে নব দম্পতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আদিতমারী উত্তর পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল।

পরে নববধু দিপা তার স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যান।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, উভয় পরিবারের সম্মতিতে প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে।

ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস