সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নাটোরের দুর্ঘটনাটি বেপরোয়া গাড়ি চালানোর কারণেই ঘটেছে।’

তিনি বলেন, ‘বেপরোয়া গাড়ি চালানো ও নিয়ম না মেনে ওভার টেকিংয়ের কারণে দুর্ঘটনা হচ্ছে। নাটোরের এ দুর্ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

নাটোরের দুর্ঘটনা এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সময়ে সবচেয়ে বড় অন্দোলন হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধ। সড়ক দুর্ঘটনা রোধে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সড়ক দুঘর্টনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যুব সমাজকে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে দুর্ঘটনার স্থান হিসেবে ১৪৪টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং এ সব স্থানে কাজের জন্য ১৬৫ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। দুর্ঘটনার জন্য স্পিড ব্রেকারকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা রোধে সারাদেশে যত স্পিড ব্রেকার রয়েছে তা অর্ধেকে নামিয়ে আনা হবে।

এসময় সড়ক ও জনপথ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআই