ফেনী মাইজদী সড়কের দাগনভুঁইয়া থানার বেকের বাজার নামক স্থানে বাস, মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত ও ২৫জন আহত হয়েছেন।দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে লক্ষীপুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের বাস (ঢাকা-মেট্রো-ব-১৪৫৪-৮৫) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও সিএনজি অটো রিক্সার ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪জন ও পরে হাসপাতালে নেয়ার সময় আরও দুইজন মারা যান।
আহতদের দাগনভুঁইয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসিম কুমার সুত্র জানিয়েছে।
দাগনভুঁইয়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমআর





