সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

এ সময় দুই রিকশাযাত্রীও গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।

আহত দুই যাত্রী হচ্ছেন- জয়তুন বেগম (৬৫) ও সাজেদ মিয়া (১৮) । তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা ট্রাকচালককে আটক করে পুলিশে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক দর্শনদেউড়ি এলাকায় পৌঁছে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। এ ছাড়া দুই রিকশাযাত্রী গুরুতর আহত হন।

এ দিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা সড়ক অবরোধ করে ট্রাকচালক সুমন মিয়াকে আটক করেন। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) গৌছুল হোসেন জানিয়েছেন, ট্রাকচালক সুমন মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পদ্মখোলা গ্রামের আবদুল খালিকের ছেলে। পাথরবোঝাই ট্রাক নিয়ে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাচ্ছিলেন।

কেএইচ