বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম থেকে সোমবার দুপুরে দুই কেজি গাঁজাসহ মহিউদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এ সময় দু’টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মহিউদ্দিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর আশরাফ উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী মহিউদ্দিন ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে তার নিজবাড়িতে মজুদ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে এএসপি শাহেদ আহমেদ’র নের্তৃত্বে র‌্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। তারা বাসায় তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করে। এসময় তার সহযোগী পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মো. মণ্ডল পালিয়ে যায়। পরে ঘরের বাইরে থেকে দু’টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

জেআই