মাগুরায় পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম লাল্টু (২৫)।
বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আলমখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত লাল্টু হাজরাপুর ইউনিয়নের বাবনপুর গ্রামের আলতাফ মুন্সীর ছেলে।
হাসপতাল সূত্রে জানা যায়, সকালে তারা ১১ জন শ্রমিক আলমখালি থেকে একটি নসিমনে করে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনটির সংঘর্ষ হয়। এসময় লাল্টুসহ (২৫) তারা সবাই আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে লাল্টু মারা যান।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





