জাতীয় পার্টি (জাপা) বগুড়া জেলা কমিটির বর্ধিত সভায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের দলীয় এমপি এ্যাড. আলতাব হোসেনের ওপর হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন দলের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ এমপি এ্যাড. আলতাব হোসেনকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।
জানাগেছে, আগামী ১২ ডিসেম্বর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে দলের বর্ধিত সভার আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে সকাল ১০টায় সভা শুরু হয়।
সভায় বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের বক্তব্যের একপর্যায়ে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে এমপি আলতাব হোসেনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার চিত্র তুলে ধরেন। এরপর এ্যাড. আলতাব হোসেনকে বক্তব্য রাখার জন্য মাইকে আহবান জানানো হয়।
তিনি বক্তব্য শুরু করতেই মঞ্চের নীচে বসে থাকা নেতাকর্মীরা ধর ধর বলে মঞ্চে উঠে এমপি আলতাব হোসেনকে কিল-ঘুষি মারতে থাকে।
এসময় মঞ্চে থাকা জেলা জাতীয়পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এমপি, বগুড়া-৩ আসনের এমপি নুরুল ইসলাম তালুকদারও বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।
খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুলে ইসলাম ওমর এমপি নামাজের বিরতি দিয়ে সভা মুলতবি ঘোষণা দেন। বিরতির পর পুনরায় সভা শুরু হয়।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন জানান, গাবতলী উপজেলার মড়িয়া আর এমপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়নের জন্য এমপি আলতাব হোসেন তাকে ডিও লেটার দিয়েছেন।
একই বিদ্যালয়ে সভাপতি মনোনয়নের জন্য তিনি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আরো তিনজনকে ডিও লেটার দিয়ে জটিলতা সৃষ্টি করেছেন।
শুধু তাই নয়; গাবতলী ও শাজাহানপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি মনোনয়নের ক্ষেত্রে তিনি একই ধরণের জটিলতা সৃষ্টি করে আসছেন।
এছাড়াও তিনি জাতীয়পার্টির নেতাকর্মীদের মুল্যায়ন না করে টাকার বিনিময়ে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন।
এসএইচ





