লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পরেশ চন্দ্র (৬৫) নামের এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পরেশ চন্দ সফিরহাট এলাকার বাসিন্দা ও পেশায় একজন কলা ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো গ্রাম থেকে কলা কিনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পরেশ। বাউরা ব্র্যাক অফিস এলাকায় পৌঁছলে লালমনিরহাটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল করিম জানান,এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

কেএইচ