ভোলার বোরহানউদ্দিনে নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীদের ট্রলার ডুবির ৩দিন নিখোঁজ থাকার পর আঃ সাত্তার ব্যাপারী (৬২) লাশ পাওয়া গেছে।

রোববার (২১অক্টোবর) সকাল সাড়ে ৯ দিকে উপজেলার দেউলা ইউনিয়নের তালুকার হাট সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাত্তার ব্যাপারী গঙ্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়া গ্রামের বাসিন্দা। সে ২ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলো।

পুলিশ ও গঙ্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম বর্দার জানান, সকাল ৯ নয়টার দিকে আঃ সাত্তার ব্যাপারীর ভেসে ওঠা লাশ দেখে তালুকদার হাট এলাকার লোক ফোন করে জানায়। থানা-পুলিশের উপস্থিতিতে এলাকাবাসী ওই লাশ উদ্ধার করে আঃ সাত্তার ব্যাপারীর গ্রামের বাড়িতে নিয়ে যায়।

উল্লেখ্যঃ গত শুক্রবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সংস্থার আয়োজনে নৌকা বাইচের আয়োজন করে। ওই সময় অতিরিক্ত দর্শনার্থীসহ ট্রলারটি তেতুলিয়া নদীর শান্তির হাট নামক এলাকায় উল্টে ডুবে যায়। ওই ঘটনায় শরিফ নামের ১ শিশু পানিতে ডুবে মারা যায়। ট্রলারে থাকা আঃ সাত্তার ব্যাপারী ওই সময় থেকে নিখোঁজ থাকে।

শনিবার বরিশাল থেকে ডুবুরী দল এসে দুপুর ১টা পর্যন্ত লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে লাশ না পেয়ে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষনা করে।

বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার শিকদার জানান, লাশ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

কামরুজ্জামান শাহীন/এসএম