ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করার সময় নুর আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
আটক নুর আলম (৫৫) পৌর শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুলের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, আটক নুর আলম আজ বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, “বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার বিষয়টি আসলে দুঃখজনক। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।”
ইউএনও আরও বলেন, “স্থানীয়দের ভাষ্য মতে, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তারপরও বিষয়টি আমরা আরও তদন্ত করছি, অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”
এমবি





