রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসা থেকে রফিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

রফিকুল চট্টগ্রামের বোয়ালিয়া উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা। তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি দোতলা বাসার নিচতলার একটি কক্ষে একাই থাকতেন।

রাজধানীর পীর জঙ্গি মাজারের পাশে পান-সিগারেটের ব্যবসা করতেন রফিকুল। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যার পর রফিকুলের স্বজনরা বাইরে থেকে তাঁর কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়।

পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ওই বাসা থেকে কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

এসআই আরো জানান, রফিকের গলায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে কম্বল দিয়ে প্যাঁচিয়ে রেখে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেড