চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা বাজারে শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছোঁড়া বোমায় আতাউর রহমান (৫৬) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত আতাউর শিবগঞ্জ শেখটোলা মহল্লার ফজলুর রহমানের ছেলে।
জেলার সহকারি পুলিশ সুপার মতিউর রহমান জানান, রাত ৯টার দিকে শেখটোলা বাজারে একটি দোকানে বসে ছিলেন আতাউর রহমান। এ সময় কয়েকজন দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৭-৮টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন আতাউর।
এছাড়া আবুল কালাম আজাদ ও সেরাফত আলী নামে আরো ২ জন আহত হন। এদের মধ্যে আবুল কালাম আজাদকে (৩০) শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





