খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ জনসহ ৪০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মহানগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বলেন, আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধ মামলার আসামি রয়েছেন ৩২ জন এবং বিএনপির ৬ ও জামায়াতের ২ কর্মী।
এছাড়া, আইন-শৃঙ্খলাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেও পক্ষ-বিপক্ষ গ্রুপের মিছিল- সমাবেশের মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে হরতাল।
সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিজ কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশ করেছে ২০ দলের নেতা-কর্মীরা।একই সময়ে হরতালের বিপক্ষেও মিছিল-সমাবেশ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
প্রচন্ড শীতের কারণে সকালের দিকে রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা কম দেখা গেলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বেড়ে যায়।
হরতালের কারনে রাস্তায় কিছুসংখ্যক সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, টেম্পু ও দু-একটি বাস চলতে দেখা যায়।
এ ছাড়া শিডিউল বিপর্যয়ের মধ্য চলছে রেল ও লঞ্চ। জেলার বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন ছাড়তে দেখা যায়নি।
ইআর