দেশের ভাবমূর্তি নষ্ট করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘প্রতিশোধ’ নেওয়ার কথা বলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি প্রশ্ন তুলে বলেন, ভাবমূর্তি নষ্ট করার কারণে যদি দেশের মানুষ ‘প্রতিশোধ’ নেয়, তিনি কোথায় যাবেন, সেটা তাঁর ভেবে দেখা উচিত।
ইন্দোনেশিয়া সফর নিয়ে গণভবনে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শেখ হাসিনা ৫ জানুয়ারির নির্বাচন-পরবর্তী পেট্রলবোমায় মানুষ মারা, সিটি করপোরেশন নির্বাচন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভূমিকম্প এবং দেশের রাজনীতি নিয়ে কথা বলেন।
তবে ইন্দোনেশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন হলেও একজন সাংবাদিক ছাড়া কেউ এ নিয়ে কোনো প্রশ্ন করেননি। সবার প্রশ্ন ছিল চলমান রাজনৈতিক অবস্থা, সিটি নির্বাচন, ৫ জানুয়ারির পর আন্দোলন প্রভৃতি নিয়ে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামবাসীকে ‘নীরব প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহের ফোনালাপ ও কংগ্রেসম্যানের সই নকল করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বিএনপি। সজীব ওয়াজেদ জয়কে ‘হত্যা’ ও ‘ক্ষতির’ জন্য যুক্তরাষ্ট্রের এফবিআইকে ঘুষ দিয়েছে বিএনপি নেতা, এটা ওই দেশে প্রমাণিত হয়েছে।
৫ জানুয়ারির নির্বাচনের এক বছর পূর্তিতে পেট্রলবোমা মেরে ও বাসে আগুন দিয়ে তারা মানুষ মেরেছে। বোমা মারতে গিয়ে তাদের দলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে গণধোলাই খেয়েছে। বোমা বানাতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা আহত হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করেও উনি (খালেদা জিয়া) ‘প্রতিশোধ’ নেওয়ার কথা বলছেন। এর প্রতিশোধ যদি জনগণ নেয়, তিনি কোথায় যাবেন তাও ভেবে দেখা উচিত।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, সিটি নির্বাচনে কেউ টাকা দিলে নেবেন, তবে ভোট দেবেন অন্য জায়গায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, অর্থ নেওয়াটা উনি (খালেদা জিয়া) ভালো বোঝেন, অর্থ নেওয়া ও বেইমানি করা তাদের স্বভাব। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে ‘নরক’ বানিয়েছে।
খালেদার সংবাদ সম্মেলনে ‘মিথ্যার ফুলঝুরি’
খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ‘মিথ্যার ফুলঝুরি’ দিয়ে গেছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কাজে ছিলাম তাই খালেদা জিয়ার পুরা বক্তব্য শুনতে পারি নাই, একটু শুনেছি। আমরা বিশ্বের কাছে বাংলাদেশকে রোল মডেল করেছি।
২০০১ সালে খালেদা জিয়া যখন সরকারে ছিল, তখন মানুষ হত্যা ও রেপ হয়েছে। অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে মানুষ হত্যা করেছে। তখন দুর্নীতি ও জঙ্গিবাদের দেশ হয়েছিল বাংলাদেশ। অথচ খালেদা জিয়া এখন সংবাদ সম্মেলনে মিথ্যার ফুলঝুরি দিয়ে যাচ্ছেন।’
ইআর





