বাংলাদেশ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে জেলা সদরের নোমানী ময়দানে ১১ বছর পর অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
সম্মেলনে মাগুরা- ১ আসনের এমপি ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম আকবর সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মাগুরা- ২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও আবু নাসের বাবলুকে সহসভাপতি করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য-কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ। সমাবেশের আগে বেলা ১২টায় শহরের নোমানী ময়দান মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের পাশে পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন কাজী জাফর উল্লাহ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপত্বিতে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের অপর যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রাক্তন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএ মোজ্জাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, এসএম কামাল, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাডভাকেট বীরেন শিকদার, রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ডা. আকবর, কামরুল লাইলা জলি প্রমুখ। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সর্বশেষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আলতাফ হোসেন সভাপতি ও গোলাম আকবরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রায় পাঁচবছর পর কেন্দ্রীয় আ. লীগ এই কমিটিকে অনুমোদন দেয়।
২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেন মারা গেলে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তানজেল হোসেন খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।
কেএইচ





