আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৫৪৩ জন প্রার্থীর প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে।   

আজ (৭ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের দশম তলায় স্থাপিত এজলাসে এই আপিল শুনানি চলছে।  

এর আগে গতকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে ৮০ প্রার্থী বৈধতা পান। বাতিল বা খারিজ হয় ৭৬ প্রার্থীর আবেদন।

ইসি সূত্র জানায়, প্রথমদিনে ক্রমিক নম্বর অনুযায়ী এক থেকে ১৬০ প্রার্থীর আবেদনের শুনানি করে ইসি। চারটি আপিল আবেদনের পক্ষে কেউ উপস্থিত না থাকায় তাদের শুনানি প্রথমদিন হয়নি। দ্বিতীয় দিন ১৬১ থেকে ৩১০ পর্যন্ত এবং ৮ ডিসেম্বর ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করবে কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সঙ্গে সঙ্গেই রায় জানিয়ে দেয়া হচ্ছে। সংক্ষুব্ধ ব্যক্তি যদি উচ্চ আদালতে কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেয়া হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৪৩ জন আপিল করেছিলেন।

আগামীকাল ৭ ডিসেম্বর দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ নম্বর আবেদনের শুনানি হবে। আর ৮ ডিসেম্বর শেষ দিন শুনানি হবে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হয়ে নির্ধারিত আবেদন নম্বর শেষ না হওয়া পর্যন্ত চলবে।

মনোনয়নপত্র বাছাইকালে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০০ সংসদীয় আসনে ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি, আর স্বতন্ত্র ছিল ৪৯৮টি। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

এমবি