সাত দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের গণপরিবহনধর্মঘট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এ কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এরমধ্যে দাবি পূরণ না হলে ১ ডিসেম্বর থেকে আবার ধর্মঘট শুরু হবে।’
বিভাগীয় কমিশনার কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির সঙ্গে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বৈঠকে বসেন।
সিএনজিচালিত অটোরিকশা, ইমা, লেগুনা ও হিউম্যান হলারের রেজিস্ট্রেশন বন্ধ, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার এবং নছিমন, করিমন, শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল বন্ধ করা, পুলিশি হয়রানি বন্ধ, বিআরটিএ সিলেট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও আরটিসি সিলেট কমিটিতে পরিবহন মালিকদের প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। মঙ্গলবারের ধর্মঘটে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা।
সাত দফা দাবিতে গত ২৭ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে ৫ নভেম্বর পর্যন্ত দাবি পূরণের জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়।
এর আগে একই দাবিতে ১৯ অক্টোবর ধর্মঘট পালন করে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি।
এইচ ই





