বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণের অংশ হিসেবে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বন্দর, শিল্প পার্ক, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ওপর দুই দেশের মধ্যে এইসব এমওইউ সই হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
পরে স্বাক্ষর অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
পররাষ্ট্রসচিব ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “আমার মনে হচ্ছে যে, এটার ভেতর দিয়ে বাংলাদেশ ও ইউএইর মধ্যে ব্যবসার একটা নতুন দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা আমরা আগে কখনো দেখিনি।”
আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ২০১৯-এ যোগ দিতে ইউএই সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার সকাল ৭টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এমবি





