সাভারে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে তৈরী পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত এক্সেনসিভ ফ্যাশন লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক সকালে কাজে যোগদান করতে এসে কারখানার মূল ফটকে তালা দেখে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত তিন মাসের বকেয়া বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ বেশকিছু দিন ধরে নানা টলবাহানা করে আসছে। কিন্ত ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস না দিয়ে কর্তৃপক্ষ রোববার কারখানা বন্ধ করে দেয়।
কারখানার শ্রমিক স্বপ্না জানান, গত বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ শনিবার পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু শনিবার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকরা কাজে যোগদান করতে এসে কারখানার মূল ফটকে তালা দেখতে পায়। দুপুর পর্যন্ত অপেক্ষা পর শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। পরে রোববার সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে কারাখানার মূল ফটকে তালা দেখে আবারও বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে তারা কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে শিল্প পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এছাড়া যে কোনা অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





