দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে পুলিশ ও ২৯ বিজিবি সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় খুলনা থেকে আসা নীলফামারীগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেলস্টেশনে তল্লাশির সময় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা এক্সপ্রেস ট্রেনটিতে ২৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে ট্রেনে ডিউটিরত পুলিশের টিজি পার্টিও একই বগিতে তল্লাশি শুরু করে। এ সময় ফেনসিডিল আটক করাকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন ও বিজিবি সদস্য রফিকুল ইসলামের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়।

সংবাদ পেয়ে ২৯ বিজিবির এডি মো. মতিউর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে বিজিবি সদস্য রফিকুল ইসলামকে উদ্ধার করে নিয়ে যান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় জিডি করা হয়েছে।

২৯ বিজিবি এডি মো. মতিউর রহমান জানান, ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতির ঘটনা ঘটেছে।

জেএ