শীতলক্ষ্যায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল হাসানের (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে শীতলক্ষ্যা নদীর কেরোসিন ঘাট এলাকা থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার ময়না রানী নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদশক (এসআই) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টায় শীতলক্ষ্যা নদীর কেরোসিন ঘাট এলাকায় রাকিবুলের মৃতদেহ ভেসে উঠে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শুক্রবার ট্রলারডুবির পর নিখোঁজের ব্যাপারে কেউ দাবি করেনি। কিন্তু তারপরও নদীতে তল্লাশি চালায় বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ ফাঁড়ি।
পরে শনিবার রাকিবুলের বাবা ছেলে নিখোঁজ রয়েছে দাবি করে সদর মডেল থানায় একটি জিডি করেছিলেন।
শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠে।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





